লিড আসার পরের ৭ দিন — WhatsApp/ইমেইল/SMS-এ ৭-থিম ফলো-আপ সিকোয়েন্স, n8n দিয়ে অটো

About this service
কেউ আপনার ফর্ম পূরণ করলে পরের সাত দিন রোজ আলাদা থিমের একটা ফলো-আপ যায় — WhatsApp, ইমেইল বা SMS-এ, n8n দিয়ে নিজে থেকে; সে কিনলে বা থামতে বললে সিকোয়েন্স বন্ধ। লিড ফর্ম জমা দেয়, প্রথম দিন একটা ধন্যবাদ-মেসেজ পায়, তারপর চুপ। তিন দিন পর সে আপনাকে ভুলে গেছে, আপনার টিমও তাকে। ফলো-আপ যে হয় না তার কারণ আলসেমি নয় — মাসে দুইশো লিডকে প্রতিদিন আলাদা করে লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ◆ কী করে দিই সাত দিনের সাতটা থিম আপনার অফার ধরে লিখি: প্রথম দিন লিডের মতো একজন মানুষের উদাহরণ (দুই ও তিন চ্যানেলে লিডের নিজের পেশা ধরে — ব্যাংকারকে ব্যাংকারের, NGO-কর্মীকে NGO-র; এক চ্যানেলে আপনার সবচেয়ে বড় কাস্টমার-দলের একটা উদাহরণ), দ্বিতীয় দিন প্রমাণ — আসল সংখ্যা, তৃতীয় দিন একজন কাস্টমারের গল্প, চতুর্থ দিন ডেডলাইন বা সিট ধরে রাখার টোকেন, পঞ্চম দিন গ্যারান্টি বা রিফান্ড-নীতি, ষষ্ঠ দিন কমিউনিটি, সপ্তম দিন নতুন অ্যাঙ্গেলে আবার প্রথম কথাটা। তারপর n8n-এ বানাই: লিড আপনার শিট বা ফর্মে (দুই ও তিন চ্যানেলে ফেসবুক লিড ফর্ম বা CRM-এও) পড়লেই শুরু, কিনলে বা থামতে বললে বন্ধ, রাত দশটা থেকে সকাল আটটা কোনো SMS নয়, আর চ্যানেল যতই হোক একজন লিড দিনে একটার বেশি মেসেজ পায় না। SMS যায় বাংলায়, এক সেগমেন্টে, সাথে একটা ছোট লিংক — বিস্তারিত আর থামার অপশন সেখানে — কারণ ব্র্যান্ড-নামে যাওয়া (মাস্কিং) SMS একমুখী, তার উত্তর কোথাও পৌঁছায় না। দুই ও তিন চ্যানেলে AI লিডের পেশা আর ভাষা ধরে (SMS সবসময় বাংলায়) সেদিনের মেসেজটা তার জন্য সাজায় — ইমেইল আর SMS-এ পুরো লেখা, WhatsApp-এ শুধু Meta-অনুমোদিত টেমপ্লেটের ফাঁকা ঘরগুলো। AI উদাহরণ আর ভাষা বদলায়; দাম, সংখ্যা, ডেডলাইন আর গ্যারান্টির কথা আপনার দেওয়া লেখা বা শিট থেকে হুবহু যায়। যে থিমের সত্যি তথ্য আপনার নেই, সেটা বানাই না — অন্য সত্যি কারণ বসাই; প্রমাণের দিনে কারও নাম যায় না, শুধু সংখ্যা। ◆ তিনটা প্যাকেজ এক চ্যানেল — ইমেইল, SMS বা WhatsApp-এর একটায় সাতটা লেখা মেসেজ, সবার জন্য একই, থামার নিয়মসহ (WhatsApp নিলে টেমপ্লেট লিখে অনুমোদনে জমা দেওয়াও)। দুই চ্যানেল — ইমেইলের সাথে SMS বা WhatsApp, সাত থিম দুই চ্যানেলের মাপে লেখা কিন্তু লিড দিনে একটাই পায়, AI প্রতিটা লিডের পেশা ও ভাষায় সাজায়, সাপ্রেশন লিস্ট, উত্তর এলে টিমকে অ্যালার্ট। তিন চ্যানেল — তিনটাই, তবু দিনে একটাই মেসেজ; তিনটা পর্যন্ত প্রোডাক্টের আলাদা সিকোয়েন্স, প্রমাণের সংখ্যা আপনার শিট থেকে লাইভ, কোন থিমের পরে কতজন উত্তর দিল তার সাপ্তাহিক রিপোর্ট। ◆ চলতে কী লাগবে n8n (নিজের সার্ভারে বা ক্লাউডে), আর যে চ্যানেল নেবেন তার অ্যাকাউন্ট — SMS গেটওয়ে, WhatsApp Business API বা নিজের ডোমেইন থেকে ইমেইল পাঠানোর সার্ভিস; দুই ও তিন চ্যানেলে AI-র API কি-ও। সবই আপনার নিজের নামে, ব্যবহার অনুযায়ী বিল, আমাদের ফি-র বাইরে। ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও সিকোয়েন্সটা আপনার হাতেই চলে। অর্ডারের আগে চ্যাটে মাসে কত লিড আর কোন চ্যানেল লিখলে আনুমানিক মাসিক খরচ হিসাব করে দিই, অর্ডারের পর প্রথম মেসেজে লিখিত আকারে। ◆ কাদের জন্য যাদের ফর্ম দিয়ে লিড আসে আর কেনার সিদ্ধান্তে কয়েক দিন লাগে: কোর্স, ওয়ার্কশপ, কোচিং, ফ্ল্যাট-প্লট, ক্লিনিকের প্যাকেজ, B2B সার্ভিস, কর্পোরেট ট্রেনিং। “লিড আসা মাত্রই ১ সেকেন্ডে ৫টা কাজ” গিগটা প্রথম সেকেন্ডের — স্বাগত মেসেজ আর টিমকে অ্যালার্ট; এটা তার পরের সাত দিনের, একসাথে ভালো, আলাদাও চলে। ওটার প্রিমিয়ামে ৩ ধাপের ছোট ফলো-আপ আছে — দুটো একসাথে নিলে সেটা বন্ধ করে এই সাত দিনেরটা বসাই, যাতে একই লিডের কাছে দুটো ফলো-আপ একসাথে না চলে। শুধু লেখাগুলো লাগলে — পাঠাবেন নিজে বা নিজের টুলে — “সেলস ফলো-আপ মেসেজ লেখা — ৭ দিনের ৭ থিমে” গিগটা নিন; এই গিগে সেই একই সাত থিমের লেখা, সাথে n8n-এ নিজে থেকে পাঠানো আর থামার নিয়ম। সপ্তাহে দশটার কম লিড এলে নেবেন না, তখন হাতে ফলো-আপ সস্তা। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার সিকোয়েন্স শুধু তাদের কাছে যায় যারা আপনার ফর্মে নিজে নম্বর বা ইমেইল দিয়েছে, জেনেই যে আপনি যোগাযোগ করবেন — কেনা নম্বর-লিস্ট বা পুরোনো কাস্টমারে ঢালাও প্রোমো এতে চলে না। WhatsApp-এ ফর্ম জমা দিলে ২৪ ঘণ্টার খোলা জানালা তৈরি হয় না, তাই সাতটা মেসেজই Meta-অনুমোদিত মার্কেটিং টেমপ্লেট — Meta একজন মানুষের কাছে কতগুলো মার্কেটিং মেসেজ যাবে তা নিজে সীমিত করে, তাই সাত দিনের সবগুলো WhatsApp-এ পৌঁছানোর কথা দিই না। বিক্রি কত বাড়বে সেটা আপনার অফারের ওপর। তিন চ্যানেলে প্রতি সপ্তাহে রিপোর্ট আসে কোন থিমের পরে কতজন উত্তর দিল আর কেনার আগে শেষ কোন থিম গিয়েছিল; এক ও দুই চ্যানেলে এই রিপোর্ট নেই। মেশিন গতি দেয়, AI ব্যক্তিগত করে, সম্পর্ক বানায় মানুষ — উত্তর এলে আপনার টিম না ধরলে সিকোয়েন্স শুধু বিরক্ত করবে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর সাত থিমের কাঁচামাল চাই — অফার, দাম, ডেডলাইন, আসল সংখ্যা, দুজন কাস্টমারের গল্প — আর চ্যানেলের অ্যাক্সেস। দিনের হিসাব শুরু হয় পেমেন্টের পর থেকে; এগুলো পাঠাতে যত দিন দেরি হয়, ডেলিভারিও তত দিন পিছোয়। মেসেজগুলো লিখে আপনাকে দেখাই, আপনি ঠিক করার পর n8n-এ বানাই, আপনার নিজের নম্বর বা ইমেইলে চালিয়ে টেস্ট করি, তারপর লাইভ আর স্ক্রিন শেয়ারে হ্যান্ডওভার।


