Looker Studio লাইভ ড্যাশবোর্ড — শিট, ফেসবুক অ্যাডস আর GA-র সংখ্যা এক পাতায়, নিজে থেকে হালনাগাদ

এই সার্ভিস সম্পর্কে
Google Sheet, ফেসবুক অ্যাডস আর Google Analytics-এর সংখ্যা এক পাতার Looker Studio ড্যাশবোর্ডে — নিজে থেকে হালনাগাদ হয়, প্রতি সপ্তাহে হাতে রিপোর্ট বানাতে হয় না। প্রতি সোমবার একই কাজ: অ্যাডস ম্যানেজার থেকে খরচ কপি, Analytics থেকে ভিজিটর, অর্ডারের শিট থেকে বিক্রি, তারপর Excel-এ জোড়া দিয়ে বসকে বা ক্লায়েন্টকে পাঠানো। রিপোর্ট পৌঁছানোর আগেই সংখ্যা পুরনো হয়ে যায়, আর পরের সপ্তাহে কেউ মনে করতে পারে না হিসাবটা কীভাবে করা হয়েছিল। Looker Studio (আগের নাম Google Data Studio) Google-এর ফ্রি টুল, যেটা এই উৎসগুলোর সাথে সরাসরি যুক্ত থাকে। একবার ঠিকভাবে বানালে রিপোর্ট আর বানাতে হয় না, লিংকটা খুললেই হয়। ◆ কী করে দিই প্রথমে জেনে নিই ড্যাশবোর্ডকে কোন পাঁচ-সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে — এই মাসে প্রতি অর্ডারে অ্যাড-খরচ কত পড়ল, কোন ক্যাম্পেইন লিড আনছে, কোন পণ্য চলছে না। তারপর আপনার Google অ্যাকাউন্টের ভেতরেই উৎসগুলো যুক্ত করি, দরকারি হিসাব বানাই, চার্ট সাজাই, তারিখ আর ক্যাম্পেইন ধরে ফিল্টার বসাই, আর উৎসের আসল সংখ্যার সাথে মিলিয়ে তবেই হ্যান্ডওভার। এই ধাপগুলোই Learning Bangladesh-এর “Data Visualization With Looker Studio” কোর্সে শেখাই; কোর্সটা প্রকাশ হয় ২০২০ সালে, টুলটার নাম তখনো Google Data Studio। ◆ তিনটা প্যাকেজ একটি — এক উৎসের এক পাতার ড্যাশবোর্ড, যেমন শুধু বিক্রির শিট বা শুধু GA। তিনটি — তিনটা উৎস মিলিয়ে তিন পাতা: সারাংশ, অ্যাডস, বিক্রি বা লিড; সাথে প্রতি সপ্তাহে PDF নিজে থেকে ইমেইলে। পুরো — পাঁচটা পর্যন্ত উৎস, ম্যানেজমেন্টের জন্য লক্ষ্য বনাম আসলের পাতা, আর ফেসবুক অ্যাডসের ডেটা রোজ শিটে টেনে আনার n8n পাইপলাইন। ◆ কাদের জন্য ফেসবুকে অ্যাড চালিয়ে বিক্রি করেন এমন ব্যবসা, যে এজেন্সিকে প্রতি মাসে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হয়, যে NGO প্রজেক্ট টিমকে ডোনারকে নিয়মিত সংখ্যা দেখাতে হয়, আর যে ম্যানেজার সপ্তাহের একটা দিন রিপোর্ট জোড়া দিতে হারান। ডেটা যদি একটা Excel ফাইলেই থাকে আর রোজ বদলায় না, তাহলে এটা নয়, আমাদের “Excel ড্যাশবোর্ড” গিগটা নিন — ওটা ইন্টারনেট ছাড়াও খোলে। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার লাইভ মানে প্রতি সেকেন্ডে নয়: শিটের সংখ্যা সাধারণত মিনিট পনেরোর মধ্যে আসে, GA আর অ্যাডসের সংখ্যা কয়েক ঘণ্টা পরে। ফেসবুক অ্যাডস Google-এর নিজের কানেক্টরে নেই, তাই হয় আপনার নামে পেইড কানেক্টর, নয়তো শিট হয়ে আনতে হয়। ফেসবুকের দেখানো “পারচেজ” আর আপনার আসল অর্ডার হুবহু মিলবে না, কারণ দুই জায়গা আলাদা নিয়মে গোনে; আমরা পার্থক্যটা লুকাই না, প্রতিটা সংখ্যার পাশে উৎস লেখা থাকে। আর ড্যাশবোর্ড সংখ্যা দেখায়, সিদ্ধান্ত নেয় না — বিক্রি বাড়ার কোনো প্রতিশ্রুতি এই কাজে নেই। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর প্রশ্নের তালিকা আর কোন পাতায় কোন চার্ট থাকবে তার এক পাতার খসড়া দেখাই; আপনি ঠিক বললে তবেই বানানো শুরু। অ্যাক্সেস চাই রোল দিয়ে, পাসওয়ার্ড কখনো নয়। হ্যান্ডওভারের সময় স্ক্রিন-শেয়ারে প্রতিটা উৎসের অনুমতি আপনার নিজের অ্যাকাউন্টে বদলে নিই, যাতে আমাদের অ্যাক্সেস সরালেও চার্ট ফাঁকা না হয়, আর দেখিয়ে দিই কোথায় তারিখ বদলাবেন বা নতুন চার্ট যোগ করবেন।
সাধারণ জিজ্ঞাসা
আমাকে কী কী দিতে হবে?
তিনটা জিনিস। এক, যে Google অ্যাকাউন্টে ড্যাশবোর্ড থাকবে — অফিসের সাধারণ Gmail হলেই চলে। দুই, উৎসগুলোতে রোল দিয়ে অ্যাক্সেস: শিটে শেয়ার, GA4-তে Viewer, Google Ads-এ রিড-অনলি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে Analyst; পাসওয়ার্ড কখনো চাই না। তিন, ড্যাশবোর্ডকে কোন পাঁচ-সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে তার তালিকা। এখন হাতে বানানো কোনো রিপোর্ট পাঠান থাকলে তার একটা কপি দিন — ওটা দেখেই বোঝা যায় আসলে কী দরকার।
কত সময় লাগে?
একটি ৩ দিন, তিনটি ৫ দিন, পুরো ৭ দিন — গোনা শুরু হয় সব অ্যাক্সেস আর প্রশ্নের তালিকা হাতে পাওয়ার পর থেকে, অর্ডারের ক্ষণ থেকে নয়। বাস্তবে সবচেয়ে বেশি দেরি হয় অ্যাক্সেস পেতে, বিশেষ করে ফেসবুক Business Manager-এ; তাই অর্ডারের দিনই কাকে কোন রোল দিতে হবে ধাপে ধাপে লিখে পাঠাই। উৎসের ডেটা এলোমেলো পেলে প্রথম দিনেই জানাই। তাড়া থাকলে অর্ডারের সময় দ্রুত ডেলিভারি অপশনটা নিন।
রিভিশনে কী কী পড়ে?
চার্টের ধরন, রং, ক্রম, লেবেলের নাম, একটা ফিল্টার যোগ-বাদ, একই উৎসের ভেতরে এক মেট্রিকের জায়গায় আরেকটা — এগুলো রিভিশন। আমাদের বানানো হিসাবের সূত্রে ভুল থাকলে, মানে ড্যাশবোর্ডের সংখ্যা উৎসের সাথে না মিললে, সেটা রিভিশনে গোনা হয় না, এমনিতেই ঠিক করি। নতুন উৎস বা নতুন পাতা যোগ করা রিভিশন নয়, সেটা অ্যাড-অন বা বড় প্যাকেজ। সাপোর্ট থাকে একটিতে ৭, তিনটিতে ১৪, পুরোতে ৩০ দিন।
আমাদের ফি-র বাইরে কী খরচ আছে?
Looker Studio নিজে ফ্রি, একটা Google অ্যাকাউন্টেই চলে; এর পেইড Pro ভার্সন এই কাজে লাগে না। খরচ আসতে পারে ফেসবুক অ্যাডস থেকে, কারণ ওটা Google-এর নিজের কানেক্টরে নেই। একটি ও তিনটিতে দুই রাস্তা: আপনার নামে একটা পেইড কানেক্টরের মাসিক সাবস্ক্রিপশন, নয়তো সপ্তাহে একবার এক্সপোর্ট করা ফাইল শিটে ফেলা, যাতে খরচ নেই। পুরোতে n8n পাইপলাইন আপনার সার্ভারে বা n8n ক্লাউডে চলে, মাসে অল্প খরচ। সবই আপনার নামে — ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও ড্যাশবোর্ড চলতে থাকে।
কাদের জন্য এটা নয়?
ডেটা যদি একটা Excel ফাইলেই থাকে, রোজ বদলায় না, আর আপনার টিম Google ব্যবহার করে না — এটা না নিয়ে “Excel ড্যাশবোর্ড” গিগটা নিন। বিক্রির হিসাব এখনো খাতায় থাকলে আগে সেটা শিটে তুলতে হবে; ড্যাশবোর্ড ফাঁকা জায়গা থেকে সংখ্যা আনতে পারে না। সাইটে GA বা ফেসবুক পিক্সেল বসানোই না থাকলে আগে সেটা ঠিক করুন, এই গিগে বসানো ধরা নেই। আর কেউ সংখ্যা দেখে বলে দিক কী করতে হবে — সেটা বিশ্লেষণের কাজ; এই গিগ সংখ্যা ঠিকঠাক সামনে আনে।
“লাইভ” মানে কি প্রতি সেকেন্ডে আপডেট?
না, আর এটা আগেই জানা ভালো। Looker Studio উৎস থেকে নির্দিষ্ট সময় পর পর নতুন ডেটা আনে: Google Sheet-এর সংখ্যা সাধারণত মিনিট পনেরোর মধ্যে, GA ও Google Ads-এর সংখ্যা সেটিং অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যে। GA নিজেও কিছু ডেটা এক-দুই দিন পরে পাকা করে, তাই গতকালের সংখ্যা আজ একটু বদলাতে পারে। পুরো প্যাকেজের ফেসবুক পাইপলাইন দিনে একবার চলে। রোজ বা সপ্তাহের সিদ্ধান্তের জন্য এটা যথেষ্ট; মিনিটে মিনিটে স্টক বা ক্যাশ দেখার যন্ত্র এটা নয়।
ফেসবুকের দেখানো বিক্রি আর আমার আসল অর্ডার মেলে না — ড্যাশবোর্ডে কোনটা দেখাবেন?
দুটোই, পাশাপাশি, আলাদা নাম দিয়ে। ফেসবুক নিজের নিয়মে গোনে — অ্যাড দেখার বা ক্লিকের কয়েক দিনের মধ্যে কেনা হলে সেটাকে নিজের কৃতিত্ব ধরে, আর একই অর্ডার GA-ও নিজের হিসাবে ধরতে পারে। তাই দুই জায়গার সংখ্যা যোগ করলে আসল বিক্রির চেয়ে বেশি দাঁড়ায়। আমরা সংখ্যা মেলাতে ঘষামাজা করি না, ভালো দেখাতে কোনোটা লুকাই না; আসল অর্ডার আসে আপনার বিক্রির শিট থেকে, আর প্রতিটা চার্টে লেখা থাকে সংখ্যাটা কোথাকার।
ড্যাশবোর্ডের মালিক কে, আর আমার ডেটা কার কাছে থাকে?
ড্যাশবোর্ড আর তার ডেটা-উৎস থাকে আপনার Google অ্যাকাউন্টে, আমরা যুক্ত থাকি এডিটর হিসেবে। হ্যান্ডওভারের সময় প্রতিটা উৎসের অনুমতি আপনার অ্যাকাউন্টে বদলে নিই, তারপর আমাদের অ্যাক্সেস এক ক্লিকে সরিয়ে দিতে পারেন। আপনার বিক্রি বা অ্যাডের ডেটা আমাদের নিজের Drive-এ কপি করি না। শেয়ার থাকে শুধু আপনার বলে দেওয়া ইমেইলগুলোর সাথে — “লিংক থাকলেই যে কেউ দেখবে” অপশনটা ইচ্ছে করে বন্ধ রাখি, কারণ এখানে ব্যবসার ভেতরের সংখ্যা থাকে। NDA লাগলে বলুন, সই করে দিই।
এই ধরনের আরও সার্ভিস
SEO ফ্রেন্ডলিফুল ওযেবসাইট কন্টেন্ট আপডেট — SEO ফ্রেন্ডলি লেখা ও রিরাইট
ডেটা ড্রিভেনঅ্যাডভান্সড Excel ড্যাশবোর্ড তৈরি — অটোমেটেড রিপোর্ট ও চার্ট
এডিটেবল