ব্র্যান্ড মাসকট ডিজাইন — এক চরিত্র, চার দিকের টার্নঅ্যারাউন্ড শিট আর এক্সপ্রেশন, প্রতিটা পোস্টে একই চেহারা

About this service
আপনার ব্র্যান্ডের জন্য একটা মাসকট চরিত্র বানিয়ে দিই — সামনে, পাশ, পেছনের টার্নঅ্যারাউন্ড শিট আর এক্সপ্রেশনসহ, যাতে প্রতিটা পোস্টে ও প্যাকেটে চরিত্রটা একই থাকে। মাসকট একবার আঁকানো কঠিন নয়। কঠিন হলো পরের তিরিশটা পোস্টে তাকে একই রাখা। নতুন ডিজাইনার এলে চোখের আকার বদলায়, জামার রং বদলায়; AI-তে প্রম্পট দিলে প্রতিবার একটু আলাদা একটা প্রাণী আসে। কয়েক মাস পরে ক্রেতা আর বোঝে না কোনটা আপনার চরিত্র। টার্নঅ্যারাউন্ড শিট এর পুরোনো সমাধান: চরিত্রটাকে চার দিক থেকে, রং আর মাপসহ এক পাতায় বেঁধে রাখা, যেটা দেখে পরে যে-কেউ, মানুষ হোক বা AI টুল, একই চরিত্র আনতে পারে। ◆ কী করে দিই আপনার ব্রিফ থেকে প্রথমে কয়েকটা আলাদা কনসেপ্ট — প্রাণী, মানুষ, না আপনার পণ্যটাকেই চোখ-মুখ দিয়ে জীবন্ত করা; ফ্ল্যাট, না নরম 3D-ধাঁচ। আপনি একটা বাছেন। সেটা ফাইনাল করে ওই ছবিটাকেই রেফারেন্স ধরে সামনে, তিন-চতুর্থাংশ, পাশ আর পেছনের দৃশ্য, এক্সপ্রেশন আর পোজ বানাই, প্রতিটা রঙের HEX কোডসহ। পদ্ধতিটা বই-১ এর অধ্যায় ১২-তে লিখেছি: আট উপাদানের আর্ট-ডিরেক্টর ব্রিফ দিয়ে Gemini বা ChatGPT-তে প্রথম ছবি, Magnific-এ রেফারেন্স ছবি ধরে মাল্টি-অ্যাঙ্গেল ভ্যারিয়েশন, তারপর ফিনিশিং। প্রতিটা অ্যাঙ্গেল একজন ডিজাইনার ফাইনাল ছবির পাশে রেখে মেলায় — কানের আকার, আঙুলের সংখ্যা, জামার দাগ। ◆ তিনটা প্যাকেজ চরিত্র — ৩টি কনসেপ্ট থেকে একটা মাসকট, চার দিকের শিট আর ৩টি এক্সপ্রেশন। পোজ-সেট — ৫টি কনসেপ্ট, ৮টি এক্সপ্রেশন, ৬টি পোজ, আর পরে নিজেরা AI-তে একই চরিত্র আনার রেফারেন্স প্যাক। ব্র্যান্ড-কিট — ১২টি পোজ, দুটো পোশাক-সংস্করণ, ১০টি স্টিকার, লোগোর পাশে বসানোর লকআপ আর ব্যবহার-গাইড। ◆ কাদের জন্য যে ব্র্যান্ড ফেসবুকে নিয়মিত পোস্ট দেয় আর চায় ক্রেতা লোগো না দেখেই চিনুক; বাচ্চাদের পণ্য, খাবার, কোচিং বা অ্যাপ, যেখানে একটা মুখ কথা বললে বেশি কাজ করে; আর যাঁরা পরে এই চরিত্র দিয়ে স্টিকার, কমিক বা অ্যানিমেশন বানাবেন। পুরো গল্পের কমিক চাইলে “কমিক বুক” গিগটা দেখুন — এই শিট সেখানে দিলে চরিত্র নতুন করে বানাতে হয় না। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার চরিত্রটা AI দিয়ে বানানো, সেটা লুকাই না। শুধু AI-তে বানানো ছবির কপিরাইট অনেক দেশে এখনো নিশ্চিত নয়, তাই আইনি সুরক্ষা জরুরি হলে ট্রেডমার্কের জন্য আইনজীবীর সাথে কথা বলুন। ডেলিভারি PNG আর PDF, ভেক্টর নয়। পরিচিত কার্টুন বা অন্য ব্র্যান্ডের মাসকটের নকল করি না; আসল মানুষের চেহারায় মাসকট কেবল তাঁর নিজের অর্ডারে বা লিখিত সম্মতিতে। আর মাসকট বিক্রি বাড়াবে, এমন কথা দিই না — নিয়মিত ব্যবহারে চেনা বাড়ে, সেটাও সময় নিয়ে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর একটা ছোট ব্রিফ-ফর্ম পাঠাই। কনসেপ্ট সাধারণত প্রথম দিনেই যায়, আপনি একটা বাছার পর বাকি কাজ। প্রতিটা ধাপ দেখিয়ে এগোই, যাতে শেষে গিয়ে “এটা তো চাইনি” শুনতে না হয়।
