বই ও ইবুকের কভার ডিজাইন — ফোনের ছোট থাম্বনেইলেও পড়া যায়, ছাপার জন্য প্রেস-রেডি ফাইল

About this service
বই বা ইবুকের কভার ডিজাইন করে দিই — ফোনের ছোট থাম্বনেইলেও শিরোনাম পড়া যায়, বাংলা যুক্তাক্ষর ভাঙে না; ছাপা বই হলে সামনে-স্পাইন-পেছন মিলিয়ে প্রেসে দেওয়ার ফাইল। অনলাইনে বই প্রথমে দেখা হয় বুড়ো আঙুলের সমান একটা ছবিতে — ফেসবুক পোস্টে, বইয়ের দোকানের তালিকায়, সার্চে। সেই ছোট মাপে শিরোনাম পড়া না গেলে পাঠক থামে না, পরের বইয়ে চলে যায়। অথচ বেশিরভাগ কভার বানানো হয় বড় স্ক্রিনে, ছোট করে একবারও না দেখে। বাংলা বইয়ে ঝামেলা আরও দুটো। ইংরেজি টেমপ্লেট বা AI-র ছবির ভেতরে বাংলা বসালে যুক্তাক্ষর ভেঙে যায়, কার-চিহ্ন সরে যায়। আর ছাপার দিন প্রেস জানায় স্পাইনের মাপ মেলেনি, ব্লিড নেই। ◆ কী করে দিই বইয়ের বিষয়, পাঠক আর ধারা বুঝে কভারের কনসেপ্ট বানাই। ছবি বা ইলাস্ট্রেশন তৈরি হয় AI টুলে, বই-১ এর অধ্যায় ১২-তে যে আট উপাদানের ইমেজ-ব্রিফ লিখেছি সেটা ধরে — লেখা বসানোর ফাঁকা জায়গাসহ। তারপর শিরোনাম, সাবটাইটেল আর লেখকের নাম আলাদা করে ঠিক বাংলা ফন্টে বসাই, আর প্রতিটা কনসেপ্ট ফোনের থাম্বনেইল মাপে ছোট করে দেখি শিরোনাম পড়া যায় কি না। Learning Bangladesh-এর ২৩টা ইবুক বের হয়েছে, বিক্রি হয় shehzin.com-এ; আর “eBook Business with AI” কোর্সে ইবুকের কভার বানানো হাতে-কলমে শেখাই। এই গিগে সেই কাজটাই আপনার বইয়ের জন্য করে দিই। ◆ তিনটা প্যাকেজ ইবুক — অনলাইনে বিক্রির জন্য সামনের কভার, একটা কনসেপ্ট, দুই দিনে। প্রিন্ট — দুটো কনসেপ্ট, সামনে, স্পাইন আর পেছন মিলিয়ে প্রেস-রেডি PDF, পৃষ্ঠাসংখ্যা ধরে স্পাইনের মাপ, সাথে ইবুক সংস্করণ। লঞ্চ-কিট — তিনটা কনসেপ্ট আর প্রিন্টের সব কিছু, সাথে 3D বই ও ফোন-স্ক্রিনের মকআপ এবং ফেসবুক কভার, পোস্ট ও স্টোরির মাপে কভার-ব্যানার, যাতে প্রকাশের দিন ঘোষণার ছবি হাতে থাকে। ◆ কাদের জন্য নিজের বই নিজে প্রকাশ করছেন এমন লেখক; কোচ, শিক্ষক বা কনসালট্যান্ট যিনি ইবুক বানাচ্ছেন; ছোট প্রকাশনী যাদের প্রতি মাসে কয়েকটা কভার লাগে; আর যিনি প্রথমবার কবিতা, গল্প বা স্মৃতিকথার বই ছাপাচ্ছেন। বই এখনো লেখা বাকি থাকলে আগে “অটোবায়োগ্রাফি ও ইবুক লেখা” গিগটা দেখুন; লঞ্চের আলাদা পোস্টার লাগলে “ফেইসবুক পোস্টার ডিজাইন”। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার কভার পাঠককে থামায়, বই বিক্রি করে দেয় না — বিক্রি নির্ভর করে বিষয়, দাম আর প্রচারের ওপর, তাই বিক্রির কোনো নিশ্চয়তা দিই না। জনপ্রিয় কোনো বইয়ের কভার হুবহু নকল, কোনো শিল্পীর নাম ধরে তাঁর স্টাইল, বা অনুমতি ছাড়া কারও মুখ — এগুলো করি না। পেছনের কভারে প্রশংসা-বাক্য বা বিক্রির দাবি যায় কেবল সেটা সত্যি হলে। কোন অংশ AI-তে বানানো, তার নোট ডেলিভারির সাথে থাকে। ছাপার রং স্ক্রিনের মতো হুবহু আসে না, প্রেস আর কাগজ ভেদে বদলায় — বেশি কপি ছাপার আগে একটা প্রুফ কপি দেখে নিন। পেইড ফন্ট, স্টক ছবি, ISBN বা ছাপার খরচ লাগলে সেটা আপনার নিজের নামে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর শিরোনাম, লেখকের নাম, বইটা কী নিয়ে আর কারা পড়বে লিখে পাঠান, সাথে ভালো লাগে এমন দু-তিনটা কভারের উদাহরণ; ছাপা হলে পৃষ্ঠাসংখ্যা, মাপ আর প্রেসের নাম। আগে কনসেপ্ট দেখাই, আপনি একটা বেছে নিলে তবেই ফাইনাল ফাইল আর বাকি মাপ বানানো হয় — যাতে ভুল দিকে পুরো কাজ না গড়ায়।