আপনার বাংলা নাম দিয়ে নিজস্ব টাইপোগ্রাফি লোগো — অক্ষর ভেক্টরে হাতে আঁকা, যুক্তাক্ষর ঠিক রেখে

About this service
আপনার ব্যবসার বাংলা নাম দিয়ে নিজস্ব টাইপোগ্রাফি লোগো — প্রতিটা অক্ষর ভেক্টরে হাতে আঁকা, যুক্তাক্ষর ঠিক রেখে। সাইনবোর্ড থেকে ফেসবুক প্রোফাইল, সব মাপে পরিষ্কার। বাংলা নামের লোগো সাধারণত দুভাবে বানানো হয়। কেউ একটা চলতি বাংলা ফন্টে নামটা টাইপ করে রং বসিয়ে দেন — সেই একই ফন্ট পাড়ার আরও অনেক দোকানের সাইনবোর্ডেও আছে। নয়তো AI দিয়ে একটা ছবি বানানো হয়, যেটা ফোনে সুন্দর লাগে, কিন্তু ব্যানারে ছাপতে গেলে ফেটে যায়, আর ভালো করে তাকালে দেখা যায় একটা যুক্তাক্ষর ঠিক বাংলা হয়নি। দুটোরই ফল এক: লোগোটা আসলে আপনার নিজের হয় না। ◆ কী করে দিই আপনার নাম, ব্যবসা আর ক্রেতা বুঝে আগে স্টাইলের কয়েকটা দিক ঠিক করি — ঐতিহ্যের ছোঁয়া, আধুনিক জ্যামিতিক, হাতের লেখার মতো নরম, কিংবা ভারী ও সোজা। এই ধাপে AI কাজে লাগে: Gemini আর ChatGPT-র ইমেজ মডেলে অল্প সময়ে অনেকগুলো দিক দেখে নেওয়া যায়। তারপর বাছাই করা দিক ধরে নামের প্রতিটা অক্ষর ভেক্টরে নতুন করে আঁকা হয় — মাত্রার উচ্চতা, কার-চিহ্নের জায়গা, যুক্তাক্ষর কোথায় জুড়বে, অক্ষরের মাঝের ফাঁক। শেষে প্রোফাইল ছবির মতো ছোট মাপে আর ব্যানারের মতো বড় মাপে দুবার মিলিয়ে দেখি। পদ্ধতিটা লার্নিং বাংলাদেশের ‘Bangla Typography and Logo Design’ কোর্সের — বাংলা অক্ষরের গঠন, লোগো তৈরির ধাপ, আর ডিজিটাল ও প্রিন্টের টাইপোগ্রাফি নিয়ে যে কোর্সটা আমরা চালাই। ◆ তিনটা প্যাকেজ বাংলা — শুধু বাংলা নামের লোগো: ২টি কনসেপ্ট, একটি বেছে ফাইনাল, রঙিন, কালো ও সাদা রূপ, SVG, PDF আর স্বচ্ছ PNG। দুই-ভাষা — ৩টি কনসেপ্ট, বাংলার সাথে মানানসই ইংরেজি নাম, পাশাপাশি ও ওপর-নিচ দুই সাজানো, আর প্রোফাইল ছবি বা ওয়েবসাইট আইকনের জন্য নামের অক্ষর থেকে বানানো ছোট প্রতীক। ব্র্যান্ড-কিট — ৪টি কনসেপ্ট থেকে দুই-ভাষার সবকিছু, সাথে রঙের প্যালেট, পোস্টার ও ওয়েবসাইটের ফন্ট জোড়া, লোগো ব্যবহারের ছোট গাইড, এডিটযোগ্য সোর্স ফাইল আর তিনটা মকআপ। ◆ কাদের জন্য বাংলা নামে যাদের ব্যবসা বা উদ্যোগ — ফেসবুক পেজ, রেস্টুরেন্ট, মিষ্টি বা কাপড়ের দোকান, প্রকাশনী, কোচিং, NGO, ইউটিউব চ্যানেল, উৎসব বা অনুষ্ঠানের নাম। আর যাদের লোগো আছে, কিন্তু সেটা আসলে কোনো চলতি ফন্টে টাইপ করা নাম। লোগো হাতে পাওয়ার পর সেটা দিয়ে পোস্টার বানাতে চাইলে পাশের গিগ “ফেইসবুক পোস্টার ডিজাইন” আছে। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার AI-র বানানো ছবি সরাসরি লোগো হিসেবে দিই না, আর কোন ধাপে AI ব্যবহার হয়েছে ডেলিভারির সময় লিখে জানাই। কোনো পরিচিত ব্র্যান্ডের লোগো নকল করি না, অনুরোধ করলেও না — রেফারেন্স শুধু মেজাজ বোঝাতে। ট্রেডমার্ক অনুসন্ধান বা নিবন্ধন এই কাজের অংশ নয়; সেটা আইনজীবীর কাজ, আর “এমন লোগো কোথাও নেই” নিশ্চয়তা কেউ দিতে পারে না। আর লোগো নিজে বিক্রি বাড়ায় না — এটা আপনাকে চেনার চিহ্ন, বিক্রির প্রতিশ্রুতি নয়। ◆ কীভাবে এগোবে পেমেন্টের পরই ছোট একটা ব্রিফ ফর্ম, আর নামের বানান লিখিতভাবে নিশ্চিত করা — নাম বদলালে অক্ষর শুরু থেকে আঁকতে হয়। তারপর সাদা-কালোয় কনসেপ্ট পাঠাই; রং আসে পরে, কারণ অক্ষরের আকার ঠিক না হলে রং দিয়ে তা বাঁচানো যায় না। আপনি একটা বাছেন, সেটা রিফাইন হয়, রং বসে, তারপর সব ফাইল গুছিয়ে হ্যান্ডওভার। দিনের হিসাব শুরু হয় পেমেন্টের পর থেকে; ব্রিফ আর বানান পাঠাতে যত দিন দেরি হয়, ডেলিভারিও তত দিন পিছোয়।