ওয়েব অ্যাপ MVP — বুকিং, ক্যাটালগ বা কাস্টমার পোর্টাল, লিখিত স্কোপ ধরে বানিয়ে আপনার নামে লাইভ

এই সার্ভিস সম্পর্কে
বুকিং, ক্যাটালগ বা কাস্টমার পোর্টাল — আপনার ওয়েব অ্যাপের প্রথম চালু ভার্সন বানিয়ে দিই। আগে লিখিত স্কোপ, তারপর Claude Code দিয়ে বিল্ড, লাইভ আপনার নিজের নামে। আইডিয়াটা অনেক দিনের — কাস্টমার নিজেই স্লট বুক করবে, ক্যাটালগ দেখে অর্ডার দেবে, বা নিজের ফাইলের অবস্থা নিজে দেখবে। কিন্তু সফটওয়্যার ফার্মের বাজেট আর সময় হাতের বাইরে, আর কাউকে দিয়ে করালে কাজ মাঝপথে থামলে কোডটা কোথায় সেটাই জানা থাকে না। এই ভয়টা আমরা চিনি। আমাদেরই একটা চালু ব্যবসার প্ল্যাটফর্মের সোর্স কোড একসময় আমাদের হাতে ছিল না — প্ল্যাটফর্ম চলছিল, সমস্যা ছিল নিয়ন্ত্রণ। তাই এখানে প্রথম নিয়ম: যা বানাই, সব আপনার নামে। ◆ কী করে দিই এই অর্ডার দুই ধাপের: আগে পরামর্শ করে স্কোপ লেখা, তারপর সেই স্কোপ ধরে বানানো — আপনার লিখিত সম্মতির আগে কোড শুরু হয় না। বানানো হয় Claude Code দিয়ে, Next.js, Supabase আর Vercel-এ — যে স্ট্যাকে আমাদের নিজেদের ছয়টা ব্যবসার প্ল্যাটফর্ম বানানো; ১৯টা প্রজেক্টের হিসাব আছে “আমি যেভাবে AI দিয়ে নিজের সফটওয়্যার বানাচ্ছি” বইয়ে। কাজ ভাগ হয় ছোট মাইলস্টোনে; প্রতিটার শেষে চালু লিংক পান, নিজের চোখে টেস্ট করেন, তারপর পরেরটা। ◆ তিন প্যাকেজ — মান একই, আকার আলাদা ছোট — একটা মূল কাজ, যেমন স্লট বুকিং বা ক্যাটালগ থেকে এনকোয়ারি, সাথে আপনার অ্যাডমিন পাতা। মাঝারি — তিনটি পর্যন্ত মূল কাজ, কাস্টমারের লগইন, আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট, ইমেইল-SMS নোটিফিকেশন। বড় — ছয়টি পর্যন্ত মূল কাজ, কাস্টমার-স্টাফ-অ্যাডমিন আলাদা ভূমিকা, রিপোর্ট, দুটি বাইরের ইন্টিগ্রেশন, বাংলা-ইংরেজি। ◆ কাদের জন্য ক্লিনিক, পার্লার, কোচিং বা কনসালট্যান্ট যাঁদের অ্যাপয়েন্টমেন্ট লাগে; পাইকারি বিক্রেতা যাঁরা ক্যাটালগ দেখিয়ে অর্ডার নেন; ট্রেনিং সেন্টার বা এজেন্সি যাঁদের ক্লায়েন্ট নিজের তথ্য নিজে দেখবে; আর যে উদ্যোক্তা বড় বাজেটের আগে আইডিয়াটা আসল মানুষের হাতে পরীক্ষা করতে চান। শুধু তথ্য দেখানোর সাইট বা একটা হিসাবের টুল হলে “ওয়ার্ডপ্রেস সাইট” বা “মিনি ক্যালকুলেটর টুল” অনেক কম খরচে হবে। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার MVP মানে প্রথম চালু ভার্সন, শেষ প্রোডাক্ট না — ফিচার কম, কিন্তু যা আছে তা কাজ করে। অ্যাপ বানালেই ব্যবহারকারী, বিক্রি বা বিনিয়োগ আসবে, এমন নিশ্চয়তা আমরা দিই না। অনলাইন পেমেন্ট নির্ভর করে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের অনুমোদন আর সীমার উপর। টাকা বা সংবেদনশীল তথ্য থাকলে লাইভের আগে একজন স্বাধীন ডেভেলপারকে দিয়ে নিরাপত্তা-রিভিউ করাতে বলি; আমাদের চেকলিস্ট তার বিকল্প নয়। ডোমেইন, GitHub, Vercel, Supabase আর পেমেন্ট অ্যাকাউন্ট আপনার নামে, চালানোর খরচও সরাসরি আপনার — এটা ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও অ্যাপ, ডেটা আর কোড আপনার হাতেই থাকে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর স্কোপ-কল, তারপর লিখিত স্কোপ: কী থাকবে, কী থাকবে না, কোন মাইলস্টোনে কী দেখবেন, চালানোর খরচের আন্দাজ। স্কোপ প্যাকেজে না ধরলে তখনই বলি — কিছু কাজ পরের ধাপে সরানো, উপরের প্যাকেজ, নয়তো বানানো শুরুর আগেই অর্ডার বাতিল। শেষে হ্যান্ডওভার আর লিখিত নির্দেশিকা, যাতে অন্য ডেভেলপার বা আপনি নিজে পরের ধাপ এগোতে পারেন।
সাধারণ জিজ্ঞাসা
অর্ডারের আগে কী ভেবে আসব, আর আমাকে কী দিতে হবে?
তিনটা জিনিস ভেবে আসুন: অ্যাপটা কে ব্যবহার করবে, তার সবচেয়ে দরকারি কাজ কোনটা, আর এই ভার্সনে কী না থাকলেও চলে — ভয়েস নোটে বললেই হয়। এরপর লাগবে আপনার কন্টেন্ট (সেবা, দাম, ছবি), পছন্দের দু-একটা অ্যাপের উদাহরণ, আর আপনার নামে GitHub, Vercel, Supabase অ্যাকাউন্ট ও ডোমেইন; কীভাবে খুলবেন ধাপে ধাপে দেখিয়ে দিই। সবচেয়ে জরুরি একজন মানুষ, যিনি সিদ্ধান্ত দেন আর ২৪–৪৮ ঘণ্টায় উত্তর দেন।
স্কোপ-কল কেন আগে, আর স্কোপ প্যাকেজে না ধরলে কী হয়?
কারণ এই দামে কী বানানো যায়, সেটা আপনার আইডিয়া না শুনে সৎভাবে বলা যায় না। কলের পর লিখিত স্কোপ পাঠাই — মূল কাজ, স্ক্রিনের তালিকা, কী থাকবে না, মাইলস্টোন আর চালানোর খরচের আন্দাজ। আপনার সম্মতির আগে একটা লাইন কোডও লেখা হয় না। স্কোপ প্যাকেজের চেয়ে বড় হলে তিনটা রাস্তা খোলাখুলি দিই: কিছু কাজ পরের ধাপে সরানো, উপরের প্যাকেজে যাওয়া, নয়তো বানানো শুরুর আগেই অর্ডার বাতিল।
কত দিন লাগবে, আর দ্রুত ডেলিভারি নিলে কী বদলায়?
ছোট ১০ দিন, মাঝারি ২০ দিন, বড় ৩০ দিন — স্কোপ লেখা এর ভেতরেই ধরা। দিন গোনা শুরু হয় অ্যাকাউন্ট-অ্যাক্সেস আর কন্টেন্ট হাতে পাওয়ার পর থেকে, আর স্কোপে সম্মতি বা মাইলস্টোনের ফিডব্যাকের জন্য যত দিন অপেক্ষা, ডেলিভারি তত দিন পিছোয়। দ্রুত ডেলিভারি নিলে কাজে বাড়তি হাত লাগে, কিন্তু স্কোপ লেখা আর আপনার টেস্ট করার ধাপ বাদ যায় না — ওগুলো কাটলে সময় বাঁচে না, পরে ঠিক করতে বেশি লাগে।
রিভিশনে কী পড়ে, আর মাঝপথে নতুন ফিচার চাইলে?
রিভিশন মানে লিখিত স্কোপের ভেতরের বদল — লেখা, রং, ফর্মের ঘর, ধাপের ক্রম, কোনো স্ক্রিনের সাজ। ছোটতে এক দফা, মাঝারিতে দুই, বড়তে তিন। স্কোপে ছিল না এমন নতুন ফিচার রিভিশন নয়; সেটা আসে লিখিত বদল-প্রস্তাব হিসেবে, দাম আর বাড়তি দিন জানিয়ে, আপনি রাজি হলে তবেই — নয়তো পরের ভার্সনের তালিকায় থাকে। একসাথে বড় টুকরো চাইলে অ্যাপ আটকে যায় — নিজেদের প্রজেক্টেই সেটা দেখেছি।
আপনাদের ফি-র বাইরে কী কী খরচ আছে?
ডোমেইনের বছরের ভাড়া; Vercel আর Supabase — শুরুতে প্রায়ই ফ্রি প্ল্যানে চলে, ব্যবহার বাড়লে তাদের পেইড প্ল্যান; SMS বা ইমেইল সার্ভিসের খরচ; পেমেন্ট গেটওয়ের লেনদেন-ফি; আর AI ফিচার থাকলে API-র বিল। সব আপনার নামে, সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে — ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও অ্যাপ বন্ধ না হয়। Claude Code-এর খরচ আমাদের, ফি-র ভেতরেই। আপনার অ্যাপে কোথায় কত পড়তে পারে, সেই আন্দাজ স্কোপ ডকুমেন্টে লেখা থাকে।
কোড আর অ্যাপের মালিক কে? পরে অন্য ডেভেলপার দিয়ে চালানো যাবে?
মালিক আপনি। কোড থাকে আপনার GitHub-এ, অ্যাপ চলে আপনার Vercel-এ, ডেটা থাকে আপনার Supabase-এ; আমরা যতটুকু দরকার ততটুকু অ্যাক্সেস চাই, হ্যান্ডওভারের পর আপনি সেটা তুলে নিতে পারেন। সাথে দিই লিখিত নির্দেশিকা — কোন অংশ কী করে, কীভাবে চালু করতে হয়, কোন নিয়ম ভাঙা যাবে না — যাতে অন্য যেকোনো ডেভেলপার, বা আপনি নিজে Claude Code দিয়ে, কাজ এগিয়ে নিতে পারেন। কোনো তালা বা গোপন অংশ আমাদের কাছে থাকে না।
AI দিয়ে বানানো অ্যাপ কি নিরাপদ?
AI কোড লেখে দ্রুত, নিরাপদ হয় যাচাইয়ে। স্কোপ আর সিদ্ধান্ত মানুষের; প্রতিটা মাইলস্টোন ব্রাউজারে চালিয়ে দেখা হয়; লাইভের আগে চেকলিস্ট — অ্যাডমিন পাতা লগইন ছাড়া বন্ধ, প্রতিটা টেবিলে ডেটাবেসের অ্যাক্সেস-নিয়ম চালু, গোপন চাবি ও পাসওয়ার্ড কোডের বাইরে। নিজেদের একটা প্রজেক্টে একটা কমান্ড নীরবে ডেটাবেসের পাহারা ফেলে দিয়েছিল, সেই থেকে এটা বাধ্যতামূলক। তবু সৎ কথা: নিজের চেকলিস্ট স্বাধীন অডিট নয়; টাকা বা সংবেদনশীল তথ্য থাকলে লাইভের আগে একজন স্বাধীন ডেভেলপারকে দিয়ে রিভিউ করান।
অনলাইন পেমেন্ট কি প্রথম দিন থেকেই চালু হবে?
পেমেন্টের কোড আমরা বানাই আর টেস্ট-মোডে চালিয়ে দেখাই, কিন্তু আসল টাকা নেওয়া শুরু হয় bKash বা SSLCommerz আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট অনুমোদন দেওয়ার পর — সেই সময় আর শর্ত তাদের হাতে, আমাদের না। অনুমোদনের পর ছোট একটা আসল পেমেন্ট করে দেখি। নিজেদের প্রজেক্টে মেপে শিখেছি, কোড ঠিক থাকলেও অ্যাকাউন্টের সীমা একটা অঙ্কের উপরের পেমেন্ট নীরবে আটকাতে পারে; তাই লাইভের পর প্রথম কয়েক সপ্তাহ সফল আর ব্যর্থ পেমেন্টের হিসাব দেখতে বলি।
কারা এটা কিনবেন না?
যাঁর আইডিয়া এখনো এক লাইনে বলা যায় না — আগে তিনটা মূল কাজ কাগজে লিখুন, তারপর আসুন। যাঁর দরকার শুধু তথ্য দেখানোর সাইট — “ওয়ার্ডপ্রেস সাইট” বা “ল্যান্ডিং পেজ ডিজাইন” অনেক কম খরচে হবে। যাঁর Play Store বা App Store-এ অ্যাপ লাগবেই — এটা ওয়েব অ্যাপ, ফোনের ব্রাউজারে চলে। আর যিনি অন্য কোম্পানির অ্যাপ হুবহু নকল চান — পাবলিক স্ক্রিন দেখে ধারণা নিই, কিন্তু তাদের ডিজাইন, ব্র্যান্ড বা ডেটা কপি করি না, ভুয়া রিভিউ সেকশনও বসাই না।
